ডেস্ক : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
গত ২৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। একই দিন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, নির্ধারিত তারিখে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি চলছিল।
গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সম্ভাব্য ফল প্রকাশের তারিখ হিসেবে ২০ জুলাইয়ের কথা জানিয়েছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হবে।


























