লোকসমাচার ডেস্ক:‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না। এ বিষয়ে আইজিপির বক্তব্য নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসতর্কতাবশত তিনি এমন মন্তব্য করেছেন। বক্তব্যটি দেওয়া ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।





















