লোকসমাচার,রংপুর প্রতিনিধি : রংপুরের বিভিন্নস্থানে ২১ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আর পাঁচজন।
রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, শুক্রবার বেলা সাড়ে ১০ টায় পীরগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম (৪৫)। মোটরসাইকেল নিয়ে তিনি পীরগঞ্জ যাওয়ার পথে মহাসড়কে উঠা মাত্রই দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি পার্শ্ববর্তী শানেরহাট এলাকার সোলায়মান আলীর ছেলে।
এ দিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় একই উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরুলিয়া গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে তছির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
এদিকে আরপিএমপি কোতয়কলী থানার ওসি আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় রংপুর সদরের পালিচড়া নয়াপাড়ায় ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মহুবার রহমান (৫০) নামের এক শ্রমিক। এসময় ৩ শ্রমিক আহন হন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরীর বুড়িরহাট খামার এলাকায় পিকআাপের ধাক্কায় গোলজার (৪০) নামে এক রিকশাচালক মারা যান। এসময় দুই রিকশা আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে।




















