লোকসমাচার ডেস্ক:দীর্ঘ ১১ মাসের কারাবাস শেষে সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। ২০২৪ সালের এক অনাকাঙ্ক্ষিত ‘মব’-এর শিকার হয়ে পর্দার আড়াল হয়েছিলেন তিনি। তবে কারামুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া সাম্প্রতিক পোস্টটি রীতিমতো ভক্ত ও নেটিজেনদের চমকে দিয়েছে।
শুক্রবার (১ মে) নতুন লুকে তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে চেনা দায়। লম্বা দাড়ি, মাথায় টুপি আর শুভ্র পাঞ্জাবিতে একেবারে ভিন্ন এক সিদ্দিক ধরা দিয়েছেন ক্যামেরায়।
অভিনেতা তার ফেসবুক হ্যান্ডেলে পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াতটি যুক্ত করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি কারাগারকে উল্লেখ করেছেন ‘শিক্ষালয়’ হিসেবে।
সিদ্দিক লিখেছেন, আমি যখন শিক্ষালয়ে ছিলাম তখন পবিত্র আল কোরআন শিক্ষা নিয়েছি এবং এই আয়াতটি অক্ষরে অক্ষরে অনুধাবন করেছি। আল্লাহ পাক আমাকে পূর্বের সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা করুন।
তার এই আমূল পরিবর্তন এবং আধ্যাত্মিক উপলব্ধির পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এক হাসিখুশি অভিনেতার এমন গম্ভীর ও ধর্মীয় অবয়ব দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও, তার এই নতুন পথচলাকে ইতিবাচকভাবেই দেখছেন অধিকাংশ ভক্ত। দীর্ঘ বিরতির পর সিদ্দিকের এই শান্ত ও পরিশীলিত রূপ যেন এক নতুন জীবনেরই জানান দিচ্ছে।

























