লোকসমাচার ডেস্ক:মিথ্যা তথ্য দিয়ে রাজধানী উন্নয়ন কতৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ.ই.ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভুমি) নাজমুল হাই।
এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ক্ষমতা না থাকা সত্ত্বেও নিজেরা লাভবান হয়ে বা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি এ, বি, এম খায়রুল হকের নামে বরাদ্দ বাতিলকৃত প্লটের বরাদ্দ দেয়। এই প্লট বরাদ্দ বিজ্ঞপ্তিতে শর্ত লঙ্ঘন করে সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা মওকুফ করেন।
আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন। তারা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে।






















