মিঠুনচক্রবর্তী,ঝালকাঠি(জেলা)প্রতিনিধি:দৈনিক দেশ রুপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মঈনুল হক লিপু’র ওপর মাদক সন্ত্রাসী কর্তৃক হামলা, আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজাপুরের সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ। শনিবার (০৯ মে) সকাল সাড়ে ১০টায় রাজাপুর উপজেলার প্রেসক্লাব চত্ত¦রে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড.আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা মহিলাদল নেত্রী রাকিবা আক্তার রিমু, সাংবাদিক আমিনুল ইসলাম সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলার ৩ দিন সময় পার হয়ে গেলেও মূল অপরাধী শান্ত বাহিনী’কে গ্রফতার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। আমাদের বোধগম্য না যে, রাজাপুর থানা পুলিশ কি মাদক কারবারীদের কাছ থেকে মাসোয়ারা খায়? তা না হলে এ মাদক কারবারীদের এখনো কেন তারা গ্রেফতার করতে পারেনি। এ সময় সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৩দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ, গত ৫ মে চুরির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলা চালায় মাদক কারবারী শান্ত বাহীনি। এ ঘটনায় ওই দিন রাতে রাজাপুর থানায় মঈনুল হক লিপু বাদী হয়ে মামলা দায়ের করেন।

























