লোকসমাচার,প্রতিনিধি : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরেক বন্ধু মুশফিক সানা (২২) গুরুতর আহত হন।
সোমবার বেলা দেড়টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে বাহাদুরপুর স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শেখ আসাদুলের ছেলে। আহত মুশফিক সানা একই গ্রামের খোকন সানার ছেলে।
আহত মুশফিকের ভাই আব্দুর রহিম জানান, আল-আমিন ও মুশফিক দুই বন্ধু। সোমবার বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোরে আসছিলেন। বাহাদুরপুর স্কুলের কাছে সামনে থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে আল-আমিন মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই আল-আমিনের মৃত্যু হয়েছে। মুশফিক সানার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



























