লোকসমাচার ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আবুল হাসান শেখ (৪১) নামে এক কৃষকলীগ নেতাকে দুই পায়ের রগ কেটে ও কুপিয়েছে প্রতিপক্ষ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কালিনগর গ্রামে ওই হামলার ঘটনা ঘটেছে। তিনি পদুমা গ্রামের বাসিন্দা ও জয়নগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ও আশপাশের এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মাহাদুল হাসান কায়েস ও মোল্যা আবুল হাসনাত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত গ্রুপের সমর্থক আবুল হাসান শেখ কালিনগর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে দুই পায়ের রগ কেটে দেয় এবং কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























