লোকসমাচার ডেস্ক:লোকসানের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ঈদের ছুটির শেষে সোমবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও ভারত থেকে কাঁচা মরিচ আসেনি। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে যাওয়ার কারণে আমদানি বন্ধ রেখেছেন তারা।
এদিকে আমদানির খবরে গতকাল সোমবার হিলি বাজারে কাঁচা মরিচের দাম কমলেও ফের বেড়েছে দাম।
আজ মঙ্গলবার ফের কেজিতে বেড়েছে ১২০ টাকা। হিলি বাজারে ৩২০ টাকা কেজি দরে আজ বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
টানা ৬ দিন ঈদুল আজহার ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। দিনব্যাপি আমদানি হলেও প্রথম ও আজ দ্বিতীয় দিনেও কাঁচামরিচ আমদানি হয়নি এই বন্দর দিয়ে।
মঙ্গলবার (৪ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামালের দোকানগুলোতে কাঁচা মরিচ সরববাহ কম থাকলেও দেশীয় কাঁচা মরিচ কেজিতে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল সোমবার খুচরা বাজারে বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। তিন দিন আগে সেই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।



























