লোকসমাচার,বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় জমি-জমা বিরোধের জের ধরে আশিষ বাড়ৈ (৪৬) কে কুপিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ২৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে পুলিশ। চার্জশীটে অভিযুক্তদের মধ্যে রয়েছে ১৪ জন এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ১৩ জন রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের দাখিল করা চার্জশীট মঙ্গলবার (৩০ জুলাই) শেষ কার্য দিবসে আদালতে উপস্থাপন করা হলে বিচারক মোঃ মনিরুজ্জামান তা গ্রহণ করেন। মামলা সূত্রে জানাগেছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারী মাসে জমি বিরোধের জের ধরে মরিচবুনিয়া এলাকায় আশিষ বাড়ৈকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বাড়ৈকে মৃত বলে ঘোষণা করে। ঐঘটনায় ২৪ ফেব্রুয়ারী বানারীপাড়া থানায় নিহতের বাবা অমল বাড়ৈ নামধারী ৩৮ জন এবং অজ্ঞাতনামা আরো ৩০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন । দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি জহিরুল ইসলাম গত ২৫ জুলাই আদালতের সংশ্লিষ্ট জিআরওতে চার্জশীট জমা দেন।


























