লোকসমাচার,নিজস্ব প্রতিবেদক:তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ৫নং উপশহর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আকাশ হোসেন।
কর্মীসভায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদ খন্দকার, যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন ও রেজওয়ান রহমান নিশান, উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন রুবেল, উপশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিস আবিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি, সাংগঠনিক সম্পাদক সারাফাত ইসলাম লিমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।























