লোকসমাচার,জাফরান আকন্দ:সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে অনুষ্ঠিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতাকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো নাগরিক অতীতের মতো নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাস ও অহিংস নেতৃত্বের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিশোধ নয়, বরং জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আদর্শ অনুসরণ করতে হবে। তিনি জানান, গত ৫-৬ মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত নির্যাতনের কোনো রেকর্ড নেই। তবে অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীরা যাতে কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
দক্ষ, মানবিক ও দূরদর্শী পুলিশ প্রশাসন গঠনের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; জনগণের প্রতি ইতিবাচক মনোভাব ও সেবার মানসিকতাই একজন প্রকৃত পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয়। তিনি প্রবেশনার কর্মকর্তাদের ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন একাডেমির অ্যাডিশনাল ডিআইজি আবদুল আজিজ।
এ সময় প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















