মো: জাফরান আকন্দ:একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে শিল্প-সংস্কৃতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহ-সভাপতি ও কোনাবাড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন মন্ডল।
শনিবার (১ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গুণীজনদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব। সমাজে সম্প্রীতি ও ইতিবাচক পরিবর্তন আনতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে।
মো. সেলিম হোসেন মন্ডল আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতির প্রভাব থেকে দূরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এজন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে গুণীজনদের সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

















