লোকসমাচার ডেস্ক:টানা ৩৮ দিনের সংঘাতের পর যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মেয়াদ ফুরিয়ে আসছে ক্রমশ। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় বিবাদমান দুই পক্ষ এক দফা স্থায়ী যুদ্ধবিরতি টানার লক্ষ্যে আলোচনার টেবিলে বসলেও ভেস্তে গেছে তা। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিজেদের শর্ত মেনে নিতে এখন হুমকির পাশাপাশি নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানকে আবারও আলোচনার টেবিলে বসাতে জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান ও মিসরও।
কিন্তু, ট্রাম্পের লাগাতার হুমকি-ধমকি ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কর্মকাণ্ডে আলোচনার টেবিল থেকে দূরে সরে যাচ্ছে ইরান। এ অবস্থায় ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে বলেও আভাস দিয়েছে দেশটি।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।
রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমন কথা বলেছেন তিনি।
স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে বাঘের গালিবাফ বলেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে। এই এফ-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন।
তিনি আরও বলেন, এফ-৩৫-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।
























