লোকসমাচার ডেস্ক: বাসচাপায় নিহত হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা। আহত হওয়ার পর গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।
নিহত ইউসুফ আলী মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
নিহত ইউসুফ আলীর ছেলে পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তার বাবা ইউসুফ আলী। পথে আলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকায় স্থানান্তর করেন। এরপর তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।




















