লোকসমাচার ডেস্ক:ইংল্যান্ডের বিপক্ষে ৩১ রানে হারের পর আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ইতোমধ্যেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর। এই অবস্থায় কেমন হতে পারে টাইগারদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ?
এক নজরে সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহালি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিক, হার্ডিক পান্ড্য, ভুবনেশ্বর কুমার, মুহাম্মদ শামি, যুজবেন্দ্র চহাল, যাসপ্রিত বুমরা
রোহিত শর্মা: ৭ ম্যাচে তিনটি শতরানসহ ৪৪০ রান করেছেন তিনি। ভারতীয়দের ব্যাটিং অনেকটাই রোহিত শর্মার উপর নির্ভরশীল হয়ে উঠেছে। তার ব্যাট চলতে শুরু করলে থামানো মুশকিল।
কে এল রাহুল: ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও রান না করে আউট হলেও তার উপর ভরসা করতে পারে দল। এই ম্যাচে ওপেন করবেন তিনি।
বিরাট কোহালি: পরপর পাঁচটি ম্যাচে অর্ধ-শতরান করলেও এখনও সেঞ্চুরির দেখা পাননি তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে শতরানের ইনিংস হাঁকানোর অভিপ্রায়ে আছেন কোহলি।
ঋষভ পন্থ: ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ রান করলেও পন্থের উপর ভরসা করতে পারে দল। যেকোনও মুহূর্তে বিধ্বংসী ব্যাট করে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম তিনি।
মহেন্দ্র সিংহ ধোনি: ইংল্যান্ড ম্যাচে ৪২ রান করলেও তার মন্থর ব্যাটিং নিয়ে চর্চা চলছে। এখনও শেষের দিকে তার ব্যাটিং দলের অন্যতম ভরসা।
দীনেশ কার্তিক: কেদার যাদবের জায়গায় দলে ঢুকতে পারেন কার্তিক। কেদার নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় এই ম্যাচে সুযোগ পেতে পারেন কার্তিক।
হার্ডিক পান্ড্য: অলরাউন্ডার হিসেবে ভারতের ভরসা তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৫ রান করেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল হার্ডিক।
ভুবনেশ্বর কুমার: চোট সারিয়ে এখন সুস্থ ভুবি। আগের ম্যাচে স্পিনাররা প্রচুর রান দেওয়ায় এই ম্যাচে কুলদীপের বদলে ভুবিকে খেলাতে পারে দল।
মুহাম্মদ শামি: ইংল্যান্ডের বিরুদ্ধে স্লগ ওভারে রান দিলেও এখনও ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন শামি।
যুজবেন্দ্র চহাল: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচুর রান দিলেও তার স্পিনের ওপর ভরসা রাখবে দল। ১০ উইকেট নিয়ে তিনি ভারতীয় স্পিনারদের মধ্যে শীর্ষে রয়েছেন।
যাসপ্রিত বুমরা: ভারতীয় বোলিংয়ের ভরসার নাম বুমরা। ইনিংসের প্রথম দিকে যেমন তিনি ভয়ঙ্কর ডেথ ওভারেও উইকেট তুলে নিতে দক্ষ বুমরা।


























