লোকসমাচার ডেস্ক:চলতি বছর শেষ হতে আর বাকি নেই খুব বেশিদিন। তবে এরমধ্যেই অনেক ধর্মপ্রাণ মুসল্লির চোখ রয়েছে ২০২৭ সালের ক্যালেন্ডারে। আসন্ন পবিত্র রমজান কবে শুরু হতে যাচ্ছে, কবেই বা পালিত হবে পবিত্র ঈদুল ফিতর- এ নিয়ে কৌতূহলের শেষ নেই।
ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে- ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ওই সময় নতুন চাঁদ দেখার ওপর রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।



























