লোকসমাচার ডেস্ক : বিশ্বকাপের পর সমঝোতা ভিত্তিতে সরিয়ে দেয়া হয়েছে প্রধান কোচ স্টিভ রোডসকে। তবে এখন পর্যন্ত নতুন কোচ কে হবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি বিসিবি। যদিও শুধু একজন কোচ না। প্রধান কোচ, ফাস্ট বোলিং কোচ ও ফিজিও মিলিয়ে একাধিক কোচের খোঁজে আছে বিসিবি। তাই কমিটি একটু ঠাণ্ডা মাথায় বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কোচ নিয়োগ দিতে চান তারা।
এদিকে, শোনা যাচ্ছে ফের বাংলাদেশের কোচ হয়ে আসতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। এ বিষয়ে পাপন জানান, ‘শ্রীলংকা সিরিজ তো মাত্র শুরু। এখন তো কথা বলা নিষিদ্ধ। তাই যে তথ্যটা এসেছে সেটা ঠিক না। তবে এ সিরিজের পর যদি সে খালি থাকে এবং যদি সে আসার ইচ্ছা প্রকাশ করে, তবে সেক্ষেত্রে সেও সম্ভাব্য একজন হবে। কিন্তু এখন পর্যন্ত কিছু ঠিক হয়নি।’
তবে বোলিং কোচ নিয়ে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত বলে জানান তিনি। তার কথায়, ‘বোলিং কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। ২৭ তারিখে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব।’
এদিকে,কোচ নিয়োগের আগে সংক্ষিপ্ত তালিকা করার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে এ নিয়ে পাপনের ভাষ্য, ‘প্রথমত তারাই অগ্রাধিকার পাবে, যাদের জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা থাকবে। দ্বিতীয়ত, উপমহাদেশের কোনো দেশকে যদি কোচিং করানোর অভিজ্ঞতা থাকে এবং তাদের সম্পর্কে কোনো ধারণা থাকে, সেটাও বিবেচনা করা হবে।’
























