লোকসমাচার ডেস্ক : বেগম খালেদা জিয়ার মুক্তির কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন,‘সময় বেশি দূরে না সময় খুব কাছে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমরা রাস্তায় নামবো। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় রাস্তায় জনগণের ঢল নামবে, সেদিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।’
শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে চেতনা বাংলাদেশের উদ্যোগে ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন ।
জয়নাল আবদিন ফারুক বলেন, ‘বর্তমানে গ্রাম অঞ্চলে বিএনপির জনসমর্থন ব্যাপক হারে বেড়েছে। আমি গ্রাম অঞ্চলের মানুষ, সব সময় গ্রামে থাকি। বিএনপি তো অনেক সময় ধরে ক্ষমতায় নেই। তাদের উপর নির্যাতনের শেষ নেই। তারপরও কেউ আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছে না। এ থেকে বোঝা যায়, গ্রাম অঞ্চলের মানুষ ও আওয়ামী লীগ সরকারকে পছন্দ করেন না।’
তিনি বলেন, ‘এদেশে সংসদ আছে সংসদে বিরোধী দল নেই। এই দেশে বিচার হচ্ছে, বিচারক আছে কিন্তু ন্যায় বিচার নাই।’
সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়া জেলে, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে কথা বলবে না। বিএনপিকে অবহেলা করে কথা বলা বাদ দেন। এত অবহেলা কেন করছেন,? আপনারা তো একুশ বছর পরে ক্ষমতায় এসেছেন। ২১ বছর আগেও তো আপনাদের হাতে গণতন্ত্র ধ্বংস হয়েছে।’
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র ধ্বংস দেখেছি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে দেখেছিভ এখন এত মিডিয়া, এত সাংবাদিক, আমার এই কথাটি সরকারের কানে পৌঁছে দেন। বেগম খালেদা জিয়া অবহেলার পাত্রী নন। সারা বিশ্ব দেখছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। তার অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে। সরকার প্রধান আপনি হাজার বছর বাঁচেন। দয়া করে আমার নেত্রীকে বাঁচতে দেন। আমার নেত্রীকে জামিন দেন।’
চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমানের সভাপতিত্বে, ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


























