লোকসমাচার ডেস্ক : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন মঙ্গলবারের (১৫ অক্টোবর) কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
সোমবার (১৪ অক্টোবর) আদালতে রিট আবেদনটি উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রিট আবেদন উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী একেএম ফয়েজ।
এর আগে গতকাল রবিবার (১৩ অক্টোবর) জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাহীন বাবু।
রিটে নিহত আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ হত্যার ঘটনা বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা জারির আবেদন জানানো হয়।
গেল ৬ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আবরার ফাহাদকে হলে ডেকে নিয়ে কয়েক দফা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
অন্যদিকে আবরার হত্যার পর দিন থেকেই এর প্রতিবাদে ১০ দফা আন্দোলনে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। বাধার মুখে পড়ে ভর্তি পরীক্ষাও। তবে বুয়েট কর্তৃপক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের আশ্বস্ত করলে গতকাল রবিবার থেকে আন্দোলন শিথিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩ ঘণ্টার লিখিত ভর্তি পরীক্ষা শুরু হয়।


























