স্টাফ রিপোর্টার:এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচি পালনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এরপর তারা সেখান থেকে মিছিল করে শহরের মণিহার এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করে। আন্দোলন ঘিরে নিরাপত্তার স্বার্থে এদিন সরকারি অফিসের প্রধান গেট তালাবন্ধ রাখা হয়।
শিক্ষার্থীরা চাঁচড়া চেকপোস্টে সমাবেশ শেষ করে মিছিল শুরু করে। মাগুরপট্টি, রেলগেট ও মুজিব সড়ক হয়ে প্রেসক্লাব ও সিভিল কোর্ট মোড়ে কিছু সময়ের জন্য অবস্থান করে তারা। এরপর পাইপপট্টি হয়ে ‘টিএন্ডটি অফিসের’ সামনে দিয়ে চৌরাস্তা হয়ে মণিহার সিনেমা হল এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করে।
অভিযোগ উঠেছে, এদিন মিছিল থেকে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন, তার দপ্তরে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) বেলাল হোসাইন বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে মণিহার সিনেমা হল এলাকায় যাওয়ার সময় কোতয়ালি থানায় ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি লাইট ভাঙচুর করেছে। তিনি জানান, শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা সরে যান।





















