লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়।
আলোচনায় উঠে আসে, ওই কর্মসূচি মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রেখেছিল। এ অভিজ্ঞতার আলোকে মেয়েদের জন্য আবারও সার্বজনীন উপবৃত্তি চালুর বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী এ কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেন। এতে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর সামাজিক ও শিক্ষাগত প্রভাব তুলে ধরতে বলা হয়েছে। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে খাবারের পুষ্টিমান, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং মান নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষার্থীদের খাবার অবশ্যই পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার ওপর জোর দেন তিনি।
মিড-ডে মিল বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনা, স্থানীয় অংশগ্রহণ ও খাবারের মান নিয়ন্ত্রণ বিবেচনায় দুটি বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা হয়। কার্যকারিতা যাচাই করতে পৃথক দুটি জেলায় দুই পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















