লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোরের উপশহর এলাকায় ফেসবুকের ভুয়া আইডি ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি অভিযোগ (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
থানায় জমা দেওয়া অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘উপশহরের বার্তা’ও‘বিএনপি যশোর সদর উপজেলা’ নামের দুটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ৫নং উপশহর ইউনিয়নের অন্তত ৮-৯ জন বাসিন্দার ছবি ও নাম দিয়ে ধারাবাহিক ভাবে মানহানিকর পোস্ট করা হচ্ছে। এমনকি ভুক্তভোগীদের মৃত স্বজনদের নাম জড়িয়েও অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই উদ্দেশ্যপ্রণোদিত সাইবার বুলিংয়ের স্বিকার হয়ে গত ৯ এপ্রিল পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করেন মোঃ শফিকুল ইসলাম সুমন ২০-ই বেঙ্গল যশোর সেনানিবাসের অবসরকালীন ছুটিতে (এলপিআর) থাকা সাবেক সার্জেন্ট।
অপর অভিযোগটি করেন –
বিল্লাল হোসেন রুবেল: উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
ভুক্তভোগীরা জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তারা বলেন”ফেক আইডির মাধ্যমে এই ধরনের অপপ্রচার কেবল মানহানিকরই নয়, বরং এলাকায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির একটি গভীর ষড়যন্ত্র।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় জড়িত সাইবার অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সাথে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে ।





















