লোকসমাচার ডেস্ক : বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের মুখোশ খুলতে কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ মনে করে যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সামনে থেকে সংঘটিত করেছিলেন, শুধু তাদের বিচারের মাধ্যমেই ন্যায় প্রতিষ্ঠা পুরোপুরি সম্ভব নয়। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে জিয়াউর রহমানসহ যারা এ নীলনকশার সঙ্গে যুক্ত ছিলেন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা প্রয়োজন। এ জন্য একটি কমিশন গঠন করা প্রয়োজন। এটা এখন জনগণের দাবি।
বৃহস্পতিবার সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এবং মন্ত্রণালয় ও সংশ্নিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন, সেটি খালেদা জিয়া জানতেন কি-না জানি না। তবে খালেদা জিয়া ও বিএনপির কর্মকাণ্ড প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক অপশক্তির অভ্যুদয় হয়েছে তার পুরোধা হচ্ছে ওই দলটি।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। এই সময়ে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশের অগ্রগতিকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। এই অপশক্তি হচ্ছে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। তারাই এখন গুজব ছড়াচ্ছে, তারাই সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
পরে মন্ত্রী ডিজিটাল ডিসপ্লেতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সেই সময়ের পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর আলোকচিত্র ঘুরে দেখেন।


























