লোকসমাচার ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে তা থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস বুধবার এ আহ্বান জানিয়ে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েকদিনে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হন।
এর মধ্যেই ‘বিদ্যুৎ থাকবে না’ বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নজরে আসার পর সচিবের এই আহ্বান আসে।
জ্যেষ্ঠ সচিব কায়কাউস বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে মঙ্গলবার ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। বুধ বা বৃহস্পতিবার বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না; আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।
আহমদ কায়কাউস গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।






















