লোকসমাচার ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা আরমান খানকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে।
শনিবার দুপুরে কুমারখালী উপজেলার পূর্ব আদাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান খাঁন একই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে নিহত আরমান খাঁনের ভাই ও ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরা নিয়ে চাচা ও ভাতিজাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরমান খাঁনের ভাইয়ের ছেলে চুন্নু খাঁন ও মুন্নু খাঁন বাঁশের লাঠি দিয়ে আরমান আলীকে পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আরমান আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে আরমান আলীর মৃত্যু হয়।
কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত আরমান আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

























