লোকসমাচার ডেস্ক:রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে তাদের বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে তিন বোনকে উদ্ধার করেন যশোর কোতয়ালি থানার এসআই আনসারুল হক। তিনি বোন হলেন- ২১ বছর বয়সী রুকাইয়া আরা চৌধুরী, ১৯ বছরের জয়নব আরা চৌধুরী ও ১৭ বছরের খাদিজা আরা চৌধুরী।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান, বাবা-মায়ের সঙ্গে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতেন ওই তিন বোন। ২০১২ সালের দিকে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে যশোর চলে আসেন তাদের বাবা। তারা তিন বোন তখন মায়ের সঙ্গে ঢাকায় থেকে যান। তিন বোনের বাবা রফিকুজ্জামান স্কুলশিক্ষক ছিলেন।
২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাদের মা। এরপর এক বোন রুকাইয়াকে লালন-পালনের দায়িত্ব নেন খালা সাজিয়া নওরিন চৌধুরী। জয়নব আরা ও খাদিজা আরাকে লালন-পালনের দায়িত্ব নেন আরেক খালা সামিয়ারা চৌধুরী। ১৮ নভেম্বর সকালে মোহাম্মদপুর বাসা থেকে তিনজন নিখোঁজ হন। এ ঘটনায় আদাবর থানায় জিডি করেন তাদের খালা সাজিয়া নওরিন।
যশোর পুলিশকে তিন বোন জানান, ২০১২ সালের পর থেকে বাবার সঙ্গে তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাদের ওপর অত্যাচার করা হতো। তাই তিন বোন পরামর্শ করে মোহাম্মদপুর থেকে পালিয়ে যশোরে বাবার বাড়ি চলে আসেন।
ডিবির ওসি বলেন, তারা টিকটকে আসক্ত নয়। এমনকি তাদের অ্যান্ড্রয়েড মোবাইলও নেই। তাদের বাবা বর্তমানে প্যারালাইজড হয়ে বাসায় রয়েছেন।তিনি লোকসমাচারকে আরও জানান গতকাল যশোর থেকে উদ্ধার হওয়া মেয়ে তিনজনকে ঢাকার আদাবর থানা কর্তৃপক্ষ নিয়ে গেছে এবং সেখান থেকে আইন মোতাবেক মেয়েদের যথাযথ স্বজনদের নিকট হস্তান্তর হবে।





















