লোকসমাচার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালার বাড়ির খাটের নিচ থেকে ইকরাম(১৬) নামের এক কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামের পাশের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের স্বামী প্রবাসী বাহার আলীর বাড়ি। খালার বাড়িতেই থাকতেন ইকরাম। রোববার সকালে খালা লাভলী বেগম ঘরের দরজা তালা দিয়ে বাড়ির বাইরে যান। লাভলী বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে তার ভাগ্নে ইকরামের মরদেহ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, কোন এক সময় কলেজ ছাত্র ইকরামকে হত্যার পর মরদেহ লোকানোর চেষ্টা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বের হয়ে আসবে বলে আশা করছি।






















