লোকসমাচার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘১৯২১ থেকে ২০২১’ এই সময়কালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক ছিলেন যারা তাদের মধ্যে নির্বাচিত একশত কীর্তিমানের সংক্ষিপ্ত জীবনী ছাপানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ। আগামীকাল শনিবার (১২ মার্চ) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলার দিন এই বিশেষ সংখ্যা প্রকাশ করার কথা রয়েছে।
নির্বাচিত এই একশ’ জন হলেন তারাই যাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি পেয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। দীর্ঘদিনের গবেষনার মাধ্যমে এই একশ’জন কীর্তিমানকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচক মন্ডলীর সভাপতি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এর উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ডঃ আব্দুল মান্নান চৌধুরী। নির্বাচক মন্ডলীর মধ্যে আরো যারা ছিলেন তারা হলেন- অধ্যাপক ডঃ এম নুরুন্নবী, অধ্যাপক ডঃ প্রতিভা রানী কর্মকার, অধ্যাপক ডঃ মোর্তুজা আলী মণ্ডল, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এর সম্পাদক জনাব আলী নিয়ামত, যুগ্ম সম্পাদক রাশেদ রাফি ও নির্বাহী সম্পাদক- উপমা আহমেদ। পুরোকাজটির গবেষনা ও গ্রন্থনা নির্বাহী ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের যুগ্ম সম্পাদক জনাব রাশেদ রাফি।
নির্বাচিত ১০০ কীর্তিমানের প্রথম দশজনের মধ্যে যারা আছেন তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অধ্যাপক সত্যেন বোস, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, পন্ডিত নরেশ চন্দ্র সেন, ড. রমেশ চন্দ্র মজুমদার, ড. কাজী মোতাহার হোসেন, বুদ্ধদেব বসু, তাজউদ্দীন আহমদ ও শেখ হাসিনা।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলায় এই বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে। সংখ্যাটি সংগ্রহে রাখতে যোগাযোগ করতে যাবে ০১৭১১-৪৩০৩৫৬, ০১৮৪-২৫৯৭৩৯৮ ও ০১৫১৫-২১২১৩১ এসব নম্বরে।
উল্লেখ্য ‘ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের চলমান অবস্থা ও অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে খবর ও প্রতিবেদন বের করে থাকে। “ফর দ্যা এলামনাই, অফ দ্যা এলামনাই এন্ড বাই দ্যা এলামনাই” এই শ্লোগান নিয়ে ১৯৮৬ সাল থেকে এই পত্রিকাটি ট্যাবলয়েড আকারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের স্যূভেনির হিসেবে প্রকাশিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই স্যূভেনিরটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র, মাদক-ধূমপান-দূর্নীতি নিরোধ আন্দোলন ক্যাট এর সভাপতি জনাব আলী নিয়ামত এবং প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও জাতীয় নেতা জনাব তোফায়েল আহমদ।


























