লোকসমাচার ডেস্ক:যশোরের মণিরামপুরের এক স্বাস্থ্যকর্মীর (পুরুষ) শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, মণিরামপুর হাসপাতাল থেকে সন্দেহভাজন ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আমাদের স্বাস্থ্যকর্মী। বর্তমানে তিনি তার শ্বশুরবাড়িতে রয়েছেন। তিনি যে যে স্থানে ছিলেন, সেইসব জায়গা শনাক্ত করা হচ্ছে। এরপর সেইসব এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে।
ডা. শুভ্রা বলেন, যশোর থেকে অ্যাম্বুলেন্স আসছে। যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিটে তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, যশোরের সিভিল সার্জন বিষয়টি আমাকে অবহিত করেছেন। উপজেলা প্রশাসনের লোকজন সেখানে গিয়েছেন। তাকে পৃথকীকরণ এবং তার সঙ্গে সংস্পর্শে আসা লোকজনকে শনাক্তের কাজ শুরু হয়েছে।





















