লোকসমাচার ডেস্ক:যশোরের বাঘারপাড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় রুজু করা মামলার মূল আসামি রিয়াজসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মামলার কয়েক ঘণ্টার মধ্যে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মামলার মূল আসামি বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের রিয়াজ হোসেনকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে দুই সহযোগী বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের শাকিল আহমেদকে একই এলাকা থেকে ও যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মিলন হোসেনকে ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, রিয়াজ নিজের নাম পরিচয় গোপন রেখে শুভ নাম ব্যবহার করে ওই স্কুলছাত্রীর সাথে সখ্য গড়ে তোলে। নাম বিভ্রান্তির কারণে আসামিকে ধরতে কিছুটা সমস্যায় পড়তে হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে। এর আগে সোমবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ সংক্রান্ত একটি মামলা করেন। গত ৭ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রীকে লোভ দেখিয়ে বাঘারপাড়ার হাবুল্যা এলাকার একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।






















