লোকসমাচার ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এর মধ্যে একটি আসন জোটের শরিককে ছেড়ে দিয়েছে দলটি।
জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। পরে তা পরিবর্তন করে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে।
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন দলটির আরেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। তবে এবার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রথম মনোনয়ন পান দলের উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তবে এবার জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। তবে তার পরিবর্তে এবার দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে, জেলায় বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের এমন হিড়িক থাকলেও নিশ্চিন্তে আছেন অন্য দুটি আসনে দলটির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা।
তাদের মধ্যে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দলের উপজেলা কমিটির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী এবং যশোর-৩ (সদর) আসনে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রাথমিক মনোনয়ন পেয়ে বর্তমানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, যশোর-১ আসনে বাদ পড়া মফিকুল হাসান তৃপ্তি এক মাসের বেশি সময় ধরে মাঠে প্রচারণা চালিয়েছেন। তবে দলীয় প্রার্থী পরিবর্তনে তার সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে। তবে, আসটিতে নতুন প্রার্থী নুরুজ্জামানের পক্ষের বিএনপির লোকজন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনসংযোগে নেমে পড়েছেন বলে জানা গেছে।
প্রার্থী পরিবর্তন হলেও মনোনয়নপত্র জমা দেবেন জানিয়ে মফিকুল হাসান তৃপ্তি বলেন, নেতাকর্মী-সমর্থকদের বলেছি শান্ত থাকতে। ঢাকা থেকে ফিরে সবার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবই বিএনপির মূল প্রার্থী। যদি কোনও কারণে তার মনোনয়ন বাতিল হয়, তবে মতিয়ার রহমান ফারাজীকে দলের প্রার্থী করা হতে পারে।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব জানান, ২৫ ডিসেম্বর তাকে (মতিয়ার রহমান ফারাজী) ব্যাকআপ হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যাংকসংক্রান্ত কিছু জটিলতা ছিল। সেগুলো কেটে গেছে। এরপরই তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় বাঘারপাড়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
জানতে চাইলে মতিয়ার রহমান ফারাজী বলছেন, মনোনয়ন চাওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণার আগে থেকেই অভয়নগর, বাঘারপাড়া এবং বসুন্দিয়ার মানুষ প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব চার ব্যাংকে ঋণখেলাপি। গত সপ্তাহে ঢাকা ব্যাংকের ঋণ শিডিউলের চেষ্টা করলে আদালত তার আবেদন খারিজ করে দেন।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি গত দেড়মাস ধরে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
তবে গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবুল হোসেন আজাদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
এসব বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্যে তারা কাজ করছেন, মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে দলীয় সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে হবে।
তিনি আরও বলেন, নমিনেশন সাবমিটের পরে সবাইকে নিয়ে আমরা বসব। আশা করছি, ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সবাই কাজ করব।


























