নিজস্ব প্রতিবেদক:যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১১ মে) চার্জশিটের শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ প্রদান করেন। বিষয়টি আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব ধরনের লাইসেন্সকৃত অস্ত্র সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, শাহীন চাকলাদার তার লাইসেন্সকৃত পিস্তল থানায় জমা দেননি।
তদন্ত কর্মকর্তা এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ানের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের দিনই শাহীন চাকলাদার অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া মামলায় বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্র নিয়ে আত্মগোপনে যাওয়ায় ওই অস্ত্র সন্ত্রাসী কিংবা দুষ্কৃতকারীদের কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

























