লোকসমাচার ডেস্কঃযশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস- চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেন।
এর আগে প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন কার্যালয়ে হাজির হন। পরে প্রতীক বরাদ্দ পাওয়ার পরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে, যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ‘নৌকা’, বিএনপি প্রার্থী শামসুজ্জামান ‘ধানের শীষ’ এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম পাটোয়ারী দিলু পেয়েছেন ‘আনারস’ প্রতিক। এছাড়া সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সেতারা বেগম ‘হাঁস’ এবং জ্যোৎস্না আরা মিলি পেয়েছেন ‘কলস’ প্রতীক।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ারী আগামী ১০ ডিসেম্বর এই দুই উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীসহ নির্বাচনে রির্টানিং অফিসার হুমায়ুন কবীর, সহকারী রির্টানিং অফিসার আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসার অফিসার হুমায়ুন কবীর বলেন, প্রার্থীরা আজ থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন। সেই সাথে সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে জানান। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও অন্য প্রার্থীরা নির্বাচনী আইন লংঘনের শঙ্কা প্রকাশ করেন।





















