লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের পথে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারণী এই নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। মাসের শুরুতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেছিলেন অক্টোবরের প্রথম সপ্তাহ। সে অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মিরপুরে বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যেখানে নির্বাচনের দিন-তারিখ চূড়ান্ত হয়।
এই নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যিনি সরকারের যুগ্ম সচিব হিসেবে কর্মরত। নির্বাচন কমিশনের সদস্যরা বিসিবির সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে প্রার্থিতা, ভোটার তালিকা ও ভোট গ্রহণসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২০ সেপ্টেম্বর থেকে, যেদিন প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা। পরদিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা। এরপর ২২ ও ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, আর জমা দেওয়ার শেষ দিন ২৫ সেপ্টেম্বর। ২৬ তারিখে যাচাই-বাছাই শেষে জানানো হবে কারা নির্বাচনের মাঠে থাকছেন। যারা সরে দাঁড়াতে চান, তাদের শেষ সময় ২৮ সেপ্টেম্বর। একই দিনে বিতরণ করা হবে পোস্টাল ব্যালট ও ই-ব্যালট। ভোট গ্রহণ হবে ৪ অক্টোবর, আর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে পরদিন ৫ অক্টোবর।
পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে তিনটি বিভাগে। প্রথম বিভাগে থাকছে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, যেখান থেকে ১০ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। দ্বিতীয় বিভাগে ক্লাব প্রতিনিধিদের মধ্য থেকে আসবেন ১২ জন পরিচালক। তৃতীয় বিভাগে থাকবেন সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, যেখান থেকে নির্বাচিত হবেন একজন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরও দুইজন পরিচালকও বোর্ডে থাকবেন। সব মিলিয়ে ২৫ জন পরিচালক গঠিত হবেন নতুন বোর্ড, যাদের ভোটেই পরবর্তীতে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি।
এই নির্বাচনে ইতোমধ্যেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন। তবে দীর্ঘদিন ধরে বোর্ডের সঙ্গে যুক্ত থাকা আকরাম খান ও মাহবুব আনাম এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।


























