লোকসমাচার ডেস্ক:টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের বিবাহিত আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি স্বাক্ষরিত এক পত্রে এ স্থগিতাদেশ জারি করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আলেমা খাতুন ভাসানী ছাত্রী নিবাসে সীট রয়েছে ২৪৮টি। করোনার পরবর্তী সময়ে সীটের জন্য অধিক শিক্ষার্থী আবেদন করায় হলের প্রভোস্ট গত ১১ ডিসেম্বর হলের বোর্ডে বিবাহিত শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নোটিশ দেন।
এতে উল্লেখ করা হয়, হলের নিয়ম অনুযায়ী বিবাহিতা ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো। কোনও ছাত্রী বিবাহিতা হলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। না জানালে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে।
কর্তৃপক্ষের এই নোটিশে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে বিষয়টি বিবেচনা করে সন্ধ্যায় পুনরায় নোটিশ দেয়া হয়।
ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এআরএম সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিবাহিতা ছাত্রীদের আবাসিক হোস্টেলে থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে আইনটি ব্যবহৃত হয় না। সেই প্রেক্ষিতে ১১ ডিসেম্বর বিবাহিতাদের হোস্টেলে প্রবেশ নিষেধ আরোপ করা হয়েছিলো। বিষয়টি নিয়ে ছাত্রীদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃক নোটিশটি স্থগিত করা হয়।


























