লোকসমাচার ডেস্ক:প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিসের রাজধানী এথেন্সের বিখ্যাত মেগারো মিউজিকিস হলে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং গ্রিসের পক্ষে হেলেনিক রিপাবলিক অব গ্রিসের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড. লিনা মেনডোনি চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং গ্রিসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এলেনি দ্বন্দলাকি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এথেন্স ও গ্রিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তিটি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা আরো বেগবান হবে। দুই দেশের সংশ্লিষ্ট শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক, গঠনমূলক সহযোগিতা, অভিজ্ঞতা ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিশেষ সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।


























