লোকসমাচার,বগুড়া প্রতিনিধি:বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবার নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও গাজী সালাউদ্দিন তানভীরের ছবিতে জুতা মেরে ক্ষোভ প্রকাশ করেছে বগুড়ার ছাত্রদল।
শনিবার (১ আগস্ট) শহরে বিক্ষোভ মিছিল, ফেস্টুনে আগুনসহ কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এনসিপির দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। উত্তাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা আপত্তিকর বিতর্কিত কর্মকান্ড চালাচ্ছে। দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনসম্মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে অশ্রাব্য ভাষায় বক্তব্য দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুতর কটূক্তি করেছে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রতিনিয়ত তারা অশালীন কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করছে। সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনা বা মতপার্থক্য থাকার অধিকার রয়েছে। কিন্তু কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী।
বিক্ষোভ সমাবেশ চলাকালে এনসিপির পোস্টার ফেস্টুন অপসারণ করে স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কয়েকটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এনসিপির দুই নেতার ছবিতে জুতা নিক্ষেপ করে গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তারা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। নেতারা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেও আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক জিতু আহমেদ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসাইনসহ জেলা ছাত্রদল ও ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সম্বলিত ব্যানার অপসারণ করে জুতা নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভ সমাবেশের কারণে নগরে সাময়িক যানজটসহ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল।














