লোকসমাচার ডেস্ক:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আপনারা পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে থাকতেই পারে না। আপনি বলেন, বোঝেনই না, খায় না মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো, এ পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করা যায় না।
সোমবার (২৮ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর সুন্দর একটি দেশ গঠন করার পরিবেশ তৈরি হয়েছে। নিশ্চয় আপনারা বোঝেন, বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান এক প্রকার বলা যায় ছেড়া। ছোট্ট একটা পুস্তিকার মতো নিজের স্বার্থে তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওই ভাবে সংবিধান পরিবর্তন করেছে। এই সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতিতে ছিল, তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধিতি হলো, পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে ভোটে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যেতে পারবে না।
চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল।


























