লোকসমাচার ডেস্ক : সময়ের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছেন পাকিস্তানের এই তারকা পেসার। শুক্রবার হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ২৭ বছর বয়সী আমির।
মোহাম্মদ আমিরের এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির এ পেসার বলেন, পাকিস্তানের ক্রিকেটে কী হচ্ছে? আমি কিছুতেই বুঝতে পারছি না। ২৭ বছর বয়সে আমির কীভাবে টেস্ট ছেড়ে দিতে পারল! আন্তর্জাতিক ক্রিকেটে আমিরকে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয় পাকিস্তান। এখন তো পাকিস্তানকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়েছিল আমিরের। ধীরে ধীরে সে ফর্মেও ফিরেছিল। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সে হঠাৎ করে কেনো বিদায় নিলো?
শুক্রবার সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে আমির বলেন, পাকিস্তানের হয়ে টেস্টের ঐতিহ্যবাহী ফরম্যাটে প্রতিনিধিত্ব করা একটি সম্মানের ব্যাপার। আমি লংগার ভার্সনের এই সংস্করণ থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালোভাবে মনোনিবেশ করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি।
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ২৭ বছর বয়সে একজন বোলার কীভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করতে পারে?
২০০৯ সালের ৪ জুলাই শ্রীলংকার বিখ্যাত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আমিরের। জাতীয় দলে অভিষেকর পর পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১১৯ উইকেট শিকার করেন তিনি।
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া আমির বলেন, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে আমার খুব ভালো লাগে। আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দলের হয়ে আসন্ন সব চ্যালেঞ্জিং সিরিজে খেলার যথাসাধ্য চেষ্টা করব।
























