লোকসমাচার ডেস্ক:প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ তামিম ইকবাল।
প্রথম ওয়ানডেতে টস হেরে ৯১ রানে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ম্যাচ হেরেছে ৭ উইকেটে। শ্রীলঙ্কা সিরিজ জিতে নিয়েছে প্রথম দুই ম্যাচেই।
ম্যাচের পর ব্যাটিং-বোলিং সবকিছু নিয়েই আক্ষেপ করলেন তামিম। মেনে নিলেন নিজেদের ব্যর্থতা।
“গুরুত্বপূর্ণ টসটি আমরা জিতেছিলাম। আমরা জানতাম এই উইকেটে স্পিন ধরবে। এজন্যই স্পিনার একজন বাড়িয়েছিলাম। টসের সময় বলেছিলাম যে শুরুটা ভালো করতে হবে আমাদের। কিন্তু ৫০ রানে ৪ উইকেট (৬৮ রানে ৪) হারিয়ে কাজ কঠিন হয়েছে। এটি তিনশ রানের উইকেট ছিল না। ২৬০-২৭০ হয়তো ভালো স্কোর হতে পারত। তবে আমরা যেভাবে বোলিং করেছি, তাতে তিনশ রানেও কাজ হতো না।”
হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর লড়াইয়ে আগামী বুধবার শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তামিমরা।















