লোকসমাচার ডেস্ক : চলতি বছর জানুয়ারির ১ থেকে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত দেশে ৮২৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়।
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন (ক্র্যাক) বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করে বলে জানায়।
ক্র্যাক সদস্য আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, গত পাঁচ বছর ধর্ষণের শিকার নারীর ৯০ ভাগই শিশু ও কিশোরী।
ক্র্যাক দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে আসক’র নির্বাহী পরিচালক শিপা হাফিজা ও দশটি বেসরকারি সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান।





















