লোকসমাচার,তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ গণনা চলছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৬শত ৬০জন। পুরুষ ভোটার ১১ হাজার ৯ শত ৬১জন। আর মহিলা ভোটার ১২ হাজার ৬শত ৯৯জন। মোট ভোট কেন্দ্র ১০টি। বুথের সংখ্যা ৫৮টি।
ভোটের নিরাপত্তায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপনির্বাচনে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম।
প্রসঙ্গত, গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। এরপর নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। ইউপি সদস্য শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার চলতি দায়িত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোন গোলোযোগের খবর পাওয়া যায়নি।
নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরাও কাজ করছেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ ভোটকেন্দ্রে ৬০ জন পুলিশ, ১৭০ জন আনসার দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও স্ট্যান্ডবাই ফোর্স নিয়োজিত রয়েছে। অতিরিক্তি পুলিশ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনোভাবে বিশৃঙ্খলা যেন না হয় এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।






















