লোকসমাচার ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে তিনদিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে টেকনাফে আটকে পড়েছে দ্বীপের শতাধিক মানুষ।
বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে সেন্টমার্টিনে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
কোরবানির ঈদকে সামনে রেখে সেন্টমার্টিনের লোকজন নিত্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করতে এসে আটকা পড়ে যায়। গত শুক্রবার থেকে এই রুটে কোনো নৌযান চলাচল করেনি।
রবিবার (২৮ জুলাই) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি নৌ-ঘাটে লোকজনকে ভীড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করেছেন। তবে সাগর উত্তাল থাকায় গত তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার(ভূমি) আবুল মনসুর বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।





















