লোকসমাচার ডেস্ক:আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ২৮৪ রান করে টুর্নামেন্টে রান তাড়ায় রেকর্ড গড়া জয়ের পর আজিজুল হাকিম তামিমের দল নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে।
৭ উইকেটের দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন টাইগার যুবারা। সোমবার দুবাইয়ে দ্য সেভেনস স্টেডিয়ামে সাদ-সবুজ-তামিমদের দাপুটে বোলিংয়ে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় নেপাল।
জবাবে ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আফসোসে পোড়া ওপেনার জাওয়াদ আবরার এবার অপরাজিত ঝলমলে ৭০ রানে ইনিংস খেলে টানা দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৮ দলের আসরে দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিতে। ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে বুধবার তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
ছোট লক্ষ্য তাড়ায় দারুণ সূচনার পর অবশ্য জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম দুই বলে ফিরে যান রিফাত বেগ (৭ বলে ৫) ও তামিম (১ বলে ১)। অধিনায়ক আজিজুল কাটা পড়েন রান আউটে। ২৯ রানে ২ উইকেট হারানো দলকে টানেন জাওয়াদ ও কালাম সিদ্দিকি।
চমৎকার ব্যাটিংয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন তারা। যখন মনে হচ্ছিল, অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জিতিয়ে ফিরবেন দুজন তখনই বিদায় নেন ৪টি চারে ৩৪ রান করা কালাম। ভাঙে ৯২ রানের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে ৫২ বলে ফিফটি ছোঁয়া জাওয়াদ কাজ শেষ করে ফেরেন। ৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৭০ রানের মনোমুগ্ধকর ইনিংস। ৮ বলে ১ চার ও ১ ছক্কায় তার সঙ্গে ১২ অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিজান হোসেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে নেপাল শিবিরে সপ্তম ওভারে আঘাত হানেন সাদ। ওপেনার সাহিল প্যাটেলকে ফিরিয়ে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।


























