লোকসমাচার ডেস্ক: শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন।
মঙ্গলবার ২৭ বিভাগে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও অপর্ণা ঘোষ (গণ্ডি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বীর)।
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনূর মনির কোনাল (বীর)।
























