লোকসমাচার ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এবং জিএস-এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত মো. রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এ হিসেবে মো. রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বর্তমানে মো. রাকিব ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আছেন।
জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ পেয়েছেন মোট ১ হাজার ৬১২ ভোট। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে এ পদে আব্দুল আলীম ৮১৯ ভোটে এগিয়ে আছেন।
এ ছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এতে ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মাসুদ রানা।


























