বিশেষ প্রতিনিধি, নয়ন রায়:বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারন এলাকায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মানসিক ভারসাম্যহীন ওই যুবক ‘রূপসী বাংলা’ ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়েন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নাভারন রেললাইনের ওপর। নিহত যুবকের নাম তৌহিদুল ইসলাম রানা ওরফে বাবু (২৪)। তিনি যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা এবং মৃত জব্বার আলীর পুত্র।
পুলিশ সূত্র এবং স্বজনদের বিবরণ অনুযায়ী, তৌহিদুল ইসলাম রানা ওরফে বাবু মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। দুর্ঘটনার দিন সকালে প্রায় ৯টার দিকে তিনি তাঁর বড় বোনের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান। এরপর তিনি যশোর থেকে ‘রূপসী বাংলা’ ট্রেনে করে নাভারন অভিমুখে আসছিলেন। নাভারন এলাকায় পৌঁছানোর পর তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে দুর্ভাগ্যবশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আমিনুল হক জানান, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে কোনো অভিযোগ দায়ের করেননি। তাঁরা বিনা ময়নাতদন্তে মৃতদেহ দাফনের জন্য অনুরোধ জানালে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ভিকটিমের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (নং ৫৮/২৫, তাং- ০৫/১২/২০২৫) রুজু করা হয়েছে।





















