লোকসমাচার ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আরমান (২৫)। সোমবার রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬নং কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান ধর্ষণ মামলার আসামি বলে জানা গেছে। র্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আরমান একই এলাকার মালিয়ারা গ্রামের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা তারেক আজিজ বলেন, গত ১৯ জুলাই আরমান একই এলাকার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই- ধর্ষক আরমান নিজ এলাকায় অবস্থান করছে। পরে সোমবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করতে র্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যানবের সঙ্গে আরমানের গোলাগুলির ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ, একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ৯টি খালি খোসা উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















