লোকসমাচার,যশোর(বাঘারপাড়া)উপজেলা প্রতিনিধি:যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে খাইরুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম্য ডাক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার খাজুরা বাজার ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, জনৈক এক পথচারী সন্ধ্যার সাড়ে পাঁচটার দিকে হঠাৎ নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে। এ সময় সে বাজারের ব্রীজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। তাৎক্ষণিক লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। পরে পুলিশ খোঁজখবর নিয়ে পরিচয় সনাক্ত করে।
নিহত ডাক্তারের ছেলে রায়হান হোসেন জানান, তার পিতা পেশায় একজন গ্রাম্য হোমিও ডাক্তার। কিছুদিন হলো মানসিকভাবে অসুস্থ তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তার পিতা বাড়ী থেকে বের হলেও আর ফিরে আসেননি। এদিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, লাশের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।





















